শ্রীনগরে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্য গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজের তালা ভেঙে চুরি হওয়া দুটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া অটোরিকশা ও ব্যাটারিগুলো নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি গ্যারেজ থেকে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মুকুন্দী এলাকার মোক্তার (৪২), নরসিংদীর মাধবদী উপজেলার গদাইরচর এলাকার মো. সাইফুল (৪৬) এবং একই উপজেলার মুকুন্দী এলাকার মাহফুজ (২০)।
পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার পূর্ব হাঁসাড়া এলাকার বাসিন্দা আব্দুল আজিজ (৬০) তার বাড়ির নিচতলায় অটোরিকশার গ্যারেজ পরিচালনা করেন। শুক্রবার (২৫ জুলাই) রাত ২টার দিকে গ্যারেজ তালাবদ্ধ করে ঘুমাতে যান তিনি। পরদিন ভোরে ফজরের নামাজের জন্য নিচে নেমে দেখেন, গ্যারেজের তালা ভাঙা এবং দুটি অটোরিকশা ও কয়েকটি ব্যাটারি চুরি হয়েছে। পরে তিনি শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।
মামলার পর মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরা মোড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোক্তারের গ্যারেজে অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
