ইয়াবা নিয়ে বিরোধের জেরে গণপিটুনিতে মাদক মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটেরখীল এলাকায় গণপিটুনিতে মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) নামে এক মাদক মামলার আসামি নিহত হয়েছেন। এসময় বিক্ষুব্ধ জনতা তার বসতঘরেও আগুন দেয়।

শনিবার (২৫ জুলাই) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইরান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গত ২০ জুলাই রাতে ইয়াবা হারিয়ে যাওয়ার অভিযোগ তুলে নাইম (৩০) নামে এক যুবককে তুলে নিয়ে নির্যাতন করেন ইরান ও তার সহযোগীরা।

গুরুতর আহত অবস্থায় নাইমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাইমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার তার জানাজা শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী ইরান ও তার সহযোগীদের খুঁজতে বের হয়।

প্রথমে ইরানকে না পেয়ে তার এক সহযোগীকে মারধর করা হয়। পরে একটি ঘরে ইরান আত্মগোপনে রয়েছেন- এমন খবর পেয়ে শত শত মানুষ সেখানে জড়ো হয়। একপর্যায়ে তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা তার বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, নিহত ইরানের বিরুদ্ধে একাধিক মাদক ও হত্যা মামলা রয়েছে। গণপিটুনির পর ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত এক সহযোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights