প্রেমে রাজি না হওয়ায় গলায় ছুরি ধরে নদীতে ফেলার হুমকি রাবি ছাত্রের

রাবি প্রতিনিধি
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে জোরপূর্বক পদ্মা নদীর পাড়ে নিয়ে ছুরি দেখিয়ে নদীতে ফেলার হুমকি দিয়েছে আরেক ছাত্র। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছাত্রীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আজ দুপুরে উভয়পক্ষকে ডাকা হবে।

অভিযুক্ত মহসিন আলম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী নারী শিক্ষার্থীও একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পড়েন।

জানা গেছে, ২৬ জুলাই রাতে প্রক্টর দপ্তরে নিরাপত্তা চেয়ে এ অভিযোগপত্র দেন ভুক্তভোগী নারী।

অভিযোগপত্র অনুসারে, গত ২২ জুলাই থেকে অভিযুক্ত মহসিন আলম ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত, হয়রানি ও মানসিকভাবে বিপর্যস্ত করে আসছিলেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে অসম্মতি জানানোর পরও তিনি প্রতিনিয়ত ভুক্তভোগীকে মানসিক চাপ দিয়ে আসছিলেন। ২৬ জুলাই বিকেল তিনটার দিকে অভিযুক্ত মহসিন জোরপূর্বক ভুক্তভোগী ছাত্রীকে পদ্মা নদীর পাড়ে নিয়ে যান এবং পুনরায় প্রেমের প্রস্তাব দেন। ভুক্তভোগী আবারও প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিযুক্ত মহসিন একটি ছুরি বের করে ভয়ভীতি দেখান এবং নিজের কাছে পিস্তল রয়েছে বলেও হুমকি দেন। তখন ভুক্তভোগী ভয়ে কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত তাকে মেসের দিকে নিয়ে যেতে সম্মত হন। তবে পথে রুয়েট এলাকা থেকে আবারও তাকে পদ্মা নদীর পাড়ে নিয়ে যান এবং নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন। দীর্ঘ সময় কান্নাকাটির পর তাকে মেসে পৌঁছে দেওয়া হয়। এরপর অভিযুক্ত ছাত্র মোবাইল ফোনে কল করে আত্মহত্যার কথা বলেন। পাশাপাশি অভিযুক্তের এক সহযোগী ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মহসিন আলমের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights