ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে চাপে ফেললেন নিজ দলের কংগ্রেসম্যান
অনলাইন ডেস্ক
ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল হয়েছে বলে দাবি করেছেন মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসনের নীতির কারণে যুক্তরাষ্ট্রের ক্ষতির জন্য ইসরায়েল দায়ী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাসি লেখেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।’
তিনি অভিযোগ করেন, এই যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছে, জ্বালানির মজুত কমেছে, সামরিক সদস্যদের প্রাণহানি ঘটেছে, ভোক্তা পণ্যের দাম বেড়েছে এবং জাতীয় ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে।
ম্যাসি লেখেন, ‘এই প্রশাসন আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করেছে, তেলের মজুত কমিয়েছে, আমাদের নারী ও পুরুষ সেনাদের মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, ভোক্তা পণ্যের দাম বাড়িয়েছে, ঋণ বাড়িয়েছে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদাগুলো উপেক্ষা করেছে। সবই ইসরায়েলের জন্য। সব দোষ ওদের।’
রিপাবলিকান দলের এই আইনপ্রণেতার মন্তব্য ট্রাম্প প্রশাসনের ইরান নীতির প্রকাশ্য সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। এর আগেও বিদেশে সামরিক হস্তক্ষেপ এবং এ খাতে ব্যয়ের বিষয়ে তিনি সমালোচনামূলক অবস্থান নিয়েছিলেন।
তবে ম্যাসির অভিযোগের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: ডন
