জুবিন গার্গের নামে নতুন ফুলের প্রজাতি

অনলাইন ডেস্ক

ভারতের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা জুবিন গার্গকে দেওয়া হলো এক বিরল সম্মান। তাঁর নামে নতুন একটি ফুলের প্রজাতির নামকরণ করেছেন ভারতের উদ্ভিদ গবেষকরা।

শিলংয়ে আবিষ্কৃত আদা পরিবারের (Ginger Lily) নতুন এই ফুলের বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘হেডিকিয়াম জুবিনগার্জিয়ানাম’ (Hedychium zubeengargianum)। আসামের এই কিংবদন্তি শিল্পীর সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি হিসেবে প্রজাতিটির নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

ভারতের বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (BSI)-এর ইস্টার্ন রিজিওনাল সেন্টারের গবেষকরা দীর্ঘ গবেষণার পর নতুন প্রজাতিটির পরিচয় নিশ্চিত করেন। শিলংয়ের একটি বোটানিক্যাল গার্ডেনে থাকা অজানা এই উদ্ভিদটি নিয়ে কয়েক বছর ধরে গবেষণা চলছিল। যদিও ২০১৮ সাল থেকেই উদ্ভিদটি সেখানে ছিল, তবে এর প্রকৃত উৎস সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

গবেষকদের মতে, নতুন প্রজাতিটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ক্রিম-সাদা রঙের সুগন্ধি ফুল, হলুদ পরাগধানী এবং ঘন লোমযুক্ত ফুলের ডাঁটা। সাধারণত এপ্রিল থেকে মে মাসের মধ্যে এতে ফুল ফোটে। এসব বৈশিষ্ট্যের কারণে এটি কাছাকাছি প্রজাতি ‘Hedychium gracile’ থেকে আলাদা।

জুবিন গার্গ শুধু আসাম নয়, পুরো উত্তর-পূর্ব ভারতের সংগীত ও সংস্কৃতির অন্যতম পরিচিত মুখ। তাঁর দীর্ঘদিনের শিল্পীজীবন ও সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি হিসেবেই এই নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

এর আগে ২০২৬ সালেই জুবিন গার্গের নামে আরও দুটি নতুন প্রজাতির নামকরণ করা হয়েছে। আসামের মানস জাতীয় উদ্যানে আবিষ্কৃত একটি নতুন ফুলগাছের নাম রাখা হয়েছে Osbeckia zubeengargiana এবং অরুণাচল প্রদেশে আবিষ্কৃত নতুন প্রজাপতির প্রজাতির নাম দেওয়া হয়েছে Euthalia zubeengargi।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights