সরকার খাল খননের সঙ্গে নদী দখল-দূষণমুক্ত করতে কাজ করছে: পানিসম্পদ মন্ত্রী

অনলাইন প্রতিবেদক
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে নদী-খাল দখল ও দূষণের হাত থেকে রক্ষা পেত। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার খাল খননের সঙ্গে নদী দখল-দূষণমুক্ত করতে কাজ করছে।
‎
সোমবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার অল্প সময়ের মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তিস্তার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য জড়িত। তিস্তা থেকে জনগণ যাতে সর্বোচ্চ সুবিধা পেতে পারে সেজন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।
‎
‎এসময় প্রতিমন্ত্রী আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো ধরনের উন্নয়ন প্রকল্প নেয়ার পূর্বে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষাকে গুরুত্ব দিতে বলেছেন। যেকোনো উন্নয়ন প্রকল্প নেয়ার পূর্বে একাধিক আন্তঃমন্ত্রণালয় সভা করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

‎বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতৃবৃন্দ নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং দখল-দূষণের হাত থেকে বাঁচাতে পানি সম্পদ মন্ত্রণালয়কে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান। মন্ত্রীদ্বয় বাপা নেতৃবৃন্দকে সঠিক তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় সরকারের পাশে থাকার আহ্বান জানান।
‎
‎এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। বাপা নেতৃবৃন্দের মধ্যে সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহসভাপতি খুশি কবির, ড. শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলমগীর কবির উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights