মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা

অনলাইন ডেস্ক

বুয়েনস আইরেসে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল। একই সাথে ব্রাজিলে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূতকেও তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে তীব্র ভাষায় গালিগালাজ ও অপমান করার জের ধরে এই কূটনৈতিক পদক্ষেপ নিল ব্রাসিলিয়া।

সাও পাওলোতে ব্রাজিলের সাবেক রক্ষণশীল প্রেসিডেন্ট জেইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারোর এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই বিতর্কের জন্ম দেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট। উক্ত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নাম উল্লেখ না করে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী’ ও ‘চোর’ বলে আখ্যা দেন মিলেই। শুধু প্রেসিডেন্ট লুলাই নন, ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েসকেও ‘ন্যাড়া আবর্জনা’ বলে কটূক্তি করেন তিনি।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান ব্রাজিলের মাটিতে দাঁড়িয়ে দেশের প্রধান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জনগণের উদ্দেশ্যে এভাবে অশ্রাব্য গালিগালাজ করছেন; এমন নজির ইতিহাসে নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এডসন ফাচিনও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নিজস্ব মাটিতে দাঁড়িয়ে দেশের সর্বোচ্চ আদালতের বিচারককে নিয়ে করা এই মন্তব্য অত্যন্ত অসম্মানজনক।

মিলেইয়ের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার অভ্যন্তরীণ রাজনৈতিক নেতারাও। সাবেক আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, একজন প্রতিবেশী ও প্রধান বাণিজ্যিক অংশীদার দেশের প্রধানকে এভাবে অপমান করা একেবারেই ক্ষমার অযোগ্য। একই সুর মিলিয়ে বুয়েনস আইরেসের গভর্নর আক্সেল কিচিলোফ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে জানান, মিলেইয়ের এই আচরণ কোনোভাবেই আর্জেন্টিনার জনগণের অনুভূতির প্রতিনিধিত্ব করে না।

সূত্র: ডিডব্লিউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights