প্রাচীন সমাধিস্থলে ৩ হাজার বছরের বেশি পুরোনো মানুষের মাথার খুলি উদ্ধার

অনলাইন ডেস্ক

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে প্রায় ৩ হাজার বছরের পুরোনো এক প্রাচীন সমাধিস্থলের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। সেখানে আগ্নেয়গিরির ছাইয়ের নিচে চাপা পড়া একটি মানুষের মাথার খুলির সঙ্গে মিলেছে সামুদ্রিক কচ্ছপ আকৃতির এক অদ্ভুত সিরামিকের পাত্র।

চলতি মাসের শুরুতে রাজধানী সান সালভাদরের শহরতলী অ্যান্টিগুও কুসকাতলানে প্রাক-হিস্পানিক যুগের এই সমাধিস্থলটি আবিষ্কৃত হয়। গত ২১ জুলাই থেকে ইয়েল ইউনিভার্সিটির ডক্টরাল প্রার্থী কার্লোস ফ্লোরেস মানজানোর নেতৃত্বে এর খননকাজ শুরু হয়। মেসোআমেরিকা অঞ্চলের সবচেয়ে প্রাচীন সমাধিগুলোর একটি হতে পারে এটি, যা খ্রিস্টপূর্ব ৮৫০ অব্দের বলে ধারণা করা হচ্ছে।

এল সালভাদরের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এই যুগান্তকারী আবিষ্কার দুই হাজার বছরেরও বেশি সময় আগে এই অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর সম্পর্কে নতুন তথ্য দেবে। খননকালে খুলি ও কচ্ছপ আকৃতির পাত্রটি ছাড়াও আগ্নেয়গিরির ছাইয়ের স্তরে সংরক্ষিত কাসাভা গাছের ডাল পাওয়া গেছে। উদ্ধার হওয়া খুলিটি উপুড় করা অবস্থায় ছিল। বর্তমানে এর সঠিক বয়স জানতে রেডিওকার্বন ডেটিং এবং লিঙ্গ শনাক্তে ডিএনএ পরীক্ষা চলছে।

প্রত্নতাত্ত্বিকদের ধারণা, নতুন পাওয়া এই সমাধির সঙ্গে এল সালভাদরের পশ্চিমাঞ্চলে অবস্থিত ‘চালচুয়াপা’ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বেশ মিল রয়েছে। ১৯৭০-এর দশকে ওই স্থানে ৩৩ জনের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ২৬টির কঙ্কাল ছিল সম্পূর্ণ। সেগুলোর বেশ কয়েকটি হাত-পা বাঁধা অবস্থায় উপুড় করা ছিল; এমনকি কয়েকটিতে অঙ্গচ্ছেদ বা শিরশ্ছেদের প্রমাণও মিলেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights