দলবল নিয়ে নবাগত ইউএনওকে এমপির সংবর্ধনা নিয়ে বিতর্ক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাঁর দপ্তরে গিয়ে সংবর্ধনা দিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াত সমর্থিত এ সংসদ সদস্য। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জোমারত আলী, মিরপুর উপজেলা জামায়াতের আমির ও পৌর মেয়র পদপ্রার্থী রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওমর ফারুকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ও সচেতন নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ এটিকে রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে উল্লেখ করলেও, কেউ সরকারি কর্মকর্তার নিরপেক্ষতা এবং ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের বিষয়টি সামনে এনে প্রশ্ন তুলেছেন।

‘আমবাড়িয়া ইউনিয়ন এনসিপি’ নামে একটি ফেসবুক পেজে এ সংবর্ধনার ছবি প্রকাশ করে দাবি করা হয়, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী একজন সংসদ সদস্য সংশ্লিষ্ট এলাকার প্রধান জনপ্রতিনিধি ও আইনপ্রণেতা। সেখানে একজন এমপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউএনওকে সংবর্ধনা দেওয়ার বিষয়টি নজিরবিহীন বলে মন্তব্য করা হয়।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান বলেন, সাধারণত স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বা জনপ্রতিনিধিরাই সংসদ সদস্যকে অভ্যর্থনা জানান। কিন্তু একজন এমপি দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউএনওকে সংবর্ধনা দিতে গেলে তা সরকারি কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে এবং রাজনৈতিক প্রভাবের বার্তা দিতে পারে।

অন্যদিকে, এ উদ্যোগের পক্ষে মত দিয়েছেন অনেকে। তাদের মতে, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এটি রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবেই দেখা যেতে পারে।

এ বিষয়ে ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, ‘রবিবার আমি মিরপুরে যোগদান করেছি। সোমবার জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা আমার সঙ্গে দেখা করেন। মঙ্গলবার সকালে সংসদ সদস্য নিজে এসে আমাকে শুভেচ্ছা জানান এবং উপহার দেন। একসঙ্গে কাজ করার জায়গা থেকেই তিনি এ সৌজন্য দেখিয়েছেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও আমাদের আলোচনা হয়েছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আব্দুল গফুরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে নিজের ফেসবুক পেজে ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি প্রকাশ করে মিরপুর উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights