রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাবা আফছার আলীর মরদেহ কুষ্টিয়ার দৌলতপুর ও ছেলে জিয়ারুল হকের মরদেহ নগরীর শ্যামপুর পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়।
নৌ-পুলিশের পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে
মরদেহ দুটি নদীতে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশের খবর দেন। তারা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। পরে আফছার আলীর স্ত্রী জাহেরা বেগম স্বামী ও সন্তানের মরদেহ শনাক্ত করেন।
এর আগে, মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীর মাঝামাঝি স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে।
নৌকাডুবিতে নিখোঁজ হন আফছার আলী (৬০) ও তার ছেলে জিয়ারুল হক (৪০)। তাদের বাড়ি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকায়।
একই নৌকায় জিয়ারুলের মা জাহেরা বেগমও (৫৫) ছিলেন। নৌকা ডুবে গেলে তিনি ভেসে যাচ্ছিলেন। তখন নৌকা নিয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। একইভাবে আরও পাঁচজনকে উদ্ধার করে তীরে নেওয়া হয়।
