নিষিদ্ধ সময়ে সুন্দরবনে অভিযান, বিপুল শুঁটকি-চিংড়ি উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকা অবস্থায় চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় অভিযান চালিয়ে শুঁটকি মাছ তৈরির তিনটি অবৈধ মাচা ধ্বংস করেছেন বনরক্ষীরা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অভিযান কালে তিনটি মাচায় শুঁটকির মাচায় রাখা পাঁচ বস্তা তাজা চিংড়ি মাছ, দুই বস্তা শুঁটকি চিংড়ি, দুটি টুনা জাল, দুই লিটার কীটনাশক, তিন বস্তা চাল ও দুটি নৌকা আটক করেছে। তবে, এ ঘটনায় জড়িতদের আটক করতে পারেনি বনরক্ষীরা।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বর্তমানে সুন্দরবনে তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞা জারি রয়েছে। এক শ্রেণির অসাধু জেলে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের চরাপুটিয়ার দুর্গম বনাঞ্চলের মধ্যে শুঁটকির মাচা (টংঘর) বানিয়ে এই সংরক্ষিত বনের খালে বিষ দিয়ে চিংড়ি মাছ ধরে শুঁটকি করছিলো।
এমন খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন কাগা খাল, ইন্দুরকানী খাল ও হরমাল খাল সংলগ্ন দুর্গম বনের মধ্যে অভিযান চালিয়ে অবৈধভাবে জেলেদের বানানো শুঁটকি তৈরির তিনটি মাচা ধ্বংস করে দেয় বনরক্ষীরা।
এ সময় বনরক্ষীদের দেখতে পেয়ে জেলেরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। বনরক্ষীরা শুঁটকির তিনটি মাচা ভেঙ্গে দেয়। জব্দ করা হয় তিনটি মাচায় শুঁটকির মাচায় রাখা পাঁচ বস্তা তাজা চিংড়ি মাছ, দুই বস্তা শুঁটকি চিংড়ি, দুটি টুনা জাল, দুই লিটার কীটনাশক, তিন বস্তা চাল ও দুটি নৌকা। পালিয়ে যাওয়া বন অপরাধীদের ধরাতে সুন্দরবনে অভিযান চলছে বলেও জানান ডিএফও।
