রাতের আঁধারে মশাল মিছিল, সাভারে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

সাভার প্রতিনিধি

সাভারে রাতের আঁধারে মশাল মিছিল করার সময় আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রিজসংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী (৪০) ও রমজান (৩০)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় আওয়ামী লীগের ৮০ থেকে ৯০ জন নেতাকর্মী মশাল মিছিল করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে অন্যরা পালিয়ে গেলেও ৯ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, মশাল মিছিল করার সময় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের তিনদিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights