শ্রীনগরে খামারিকে কাফনের কাপড় পাঠিয়ে দেশ ছাড়ার হুমকি, আতঙ্কে পরিবার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক খামারির বাড়ির সদর দরজায় কাফনের কাপড়ে মোড়ানো চিরকুট রেখে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সনজিদ নামের ওই খামারির বাড়িতে এ ঘটনা ঘটে।
পলিথিন ও কাফনের কাপড়ে মোড়ানো ওই চিরকুটে ‘বাঁচতে চাইলে দেশ ছাড়, নয়তো মরার জন্য প্রস্তুত হও’ লেখা দেখে চরম আতঙ্কে দিন পার করছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী সনজিদ জানান, কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই। কে বা কারা, কী উদ্দেশ্যে এমন ভয়ংকর হুমকি দিয়েছে, সেটি বুঝে উঠতে পারছেন না। ঘটনার পর থেকে পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানা গেছে, সনজিদ প্রায় দুই যুগ আগে সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটিয়েছেন। প্রায় ১০ বছর আগে তিনি বিয়ে করেন। বর্তমানে দুই সন্তানের জনক তিনি। দেশে ফিরে গরুর খামার গড়ে তোলেন। গরু পালন ও দুধ বিক্রির আয়েই চলছে তার সংসার।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছি। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। চিরকুটটি পরীক্ষা-নিরীক্ষাসহ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
