চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে মিললো মরদেহ
অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের সদরে রেললাইনের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহাডাঙ্গা এলাকায় রেললাইনের পাশে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে থাকায় পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। মরদেহের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ওই ব্যাগে বেশ কিছু পোশাক ও ব্যক্তিগত ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী পাওয়া গেছে। ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. একরামুল হোসাইন জানান, মরদেহটি আনুমানিক সাত থেকে আট দিন আগের। এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ মরদেহটি ওই স্থানে ফেলে রেখে গেছে অথবা রেলে ধাক্কা খেয়ে পড়ে মারা যেতে পারে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
