জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : মীর হেলাল

অনলাইন ডেস্ক

জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, বিএনপি ও সরকারের মূল আদর্শ হলো আর্তপীড়িত দুঃখী মানুষের সেবা করা এবং জনগণকে দেশের মূল মালিক হিসেবে বিবেচনা করে তাদের মৌলিক অধিকার বাস্তবায়ন করা।

শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকার হাটের গনি কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’ আয়োজিত সংস্থার সংগঠিত সদস্য ও ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের দেশের প্রকৃত মালিক হচ্ছে এদেশের সাধারণ জনগণ। আমাদের প্রত্যেকের মূল দায়িত্ব হলো জনগণের সেবা সুনিশ্চিত করা।

অতীতের ত্যাগের ইতিহাস তুলে ধরে মীর হেলাল বলেন, বিগত ১৯ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ-সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। চরম প্রতিকূলতা ও প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েও দলের প্রতিটি ইউনিয়ন, থানা, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ের সদস্যরা সর্বদা দুঃখী, অসহায় ও পীড়িত মানুষের পাশে থেকে সেবা ও সহযোগিতা নিশ্চিত করেছে।

তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, আমাদের রাজনীতিতে কোনো বাছ-বিচার নেই। আমরা সম্মিলিতভাবে দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে প্রতিটি বাংলাদেশি নাগরিকের পাশে দাঁড়াতে চাই এবং সেবা করতে চাই।

হাটহাজারীর সাম্প্রতিক দৃশ্যমান অগ্রগতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের কাছে প্রশ্ন রেখে বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই সাড়ে পাঁচ মাসে (১৬৫ দিনে) হাটহাজারীতে সাড়ে চারশ’র বেশি উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হয়েছে, যার মধ্যে প্রায় ৩৮০টি উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বা শেষের পথে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights