৩৫ বছরের ওয়েলবেককে নিয়ে চেলসির চমক

অনলাইন ডেস্ক

সবাইকে চমকে দিয়ে অভিজ্ঞ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেককে দলে ভিড়িয়েছে চেলসি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ৩৫ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ডকে ৫০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে দলে নিয়েছে ব্লুজরা।

চেলসির সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করেছেন ওয়েলবেক। খুব শিগগিরই জাবি আলোনসোর অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতিতে দলের সঙ্গে যোগ দেবেন।

সাম্প্রতিক বছরগুলোতে ভবিষ্যতের তারকা তৈরির লক্ষ্যে মূলত তরুণ ফুটবলারদের দলে ভিড়িয়েছে চেলসি। সেই ধারা ভেঙে এবার অভিজ্ঞ একজন স্ট্রাইকারকে দলে আনল লন্ডনের ক্লাবটি। ২০২২ সালে ৩৩ বছর বয়সী পিয়েরে-এমেরিক ওবামেয়াংকে বার্সেলোনা থেকে আনার পর এই প্রথম ২৬ বছরের বেশি বয়সী কোনো খেলোয়াড়ের জন্য ট্রান্সফার ফি দিল চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ওয়েলবেক বলেন, ‘চেলসির মতো একটি ক্লাব আগ্রহ দেখিয়েছে—এটা ভীষণ গর্বের। এই ক্লাব সব সময় শিরোপার জন্য লড়াই করে এবং সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যায়। এমন একটি সময়ে এখানে আসতে পেরে আমি সম্মানিত। কয়েকজন সতীর্থকে আগেই চিনি, কোচের সঙ্গেও দারুণ আলোচনা হয়েছে। শুরু থেকেই একটা ভালো সংযোগ অনুভব করছি। আমার ভেতরে এখনও সেই ক্ষুধা আছে। ক্লাব ও সমর্থকদের গর্বিত করতে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত।’

গত মৌসুমে প্রিমিয়ার লিগে হতাশাজনকভাবে দশম স্থানে শেষ করেছিল চেলসি। তাই অভিজ্ঞতা বাড়াতে ওয়েলবেককে দলে নিতে আগ্রহী ছিলেন নতুন কোচ জাবি আলোনসো।

সেই সিদ্ধান্তের পেছনে বড় কারণ ওয়েলবেকের দুর্দান্ত মৌসুম। গত প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচে ১৩ গোল করেছিলেন তিনি। এর আগের মৌসুমেও করেছিলেন ১০ গোল। ইংল্যান্ডের হয়ে ৪২টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই ফরোয়ার্ড।

২০২০ সালে ওয়াটফোর্ড থেকে ব্রাইটনে যোগ দিয়েছিলেন ওয়েলবেক। ছয় বছরে ক্লাবটির হয়ে ৫১ গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। পাশাপাশি ব্রাইটনের ইতিহাসে শীর্ষ লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ব্রাইটন থেকে একাধিক ফুটবলারকে দলে নিয়েছে চেলসি। জোয়াও পেদ্রো, মইসেস কাইসেদো, রবার্ট সানচেজ ও মার্ক কুকুরেয়ার পর সবশেষ সেই তালিকায় যোগ হলেন ওয়েলবেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights