সালাহকে দলে টানতে তুর্কি ক্লাবের মোটা অঙ্কের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক

মোহাম্মদ সালাহর নতুন ঠিকানা কি তুরস্ক? কিছুদিন আগেও যেখানে বেসিকতাসে যোগ দেওয়ার গুঞ্জন ছিল, এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তুর্কি সুপার লিগের ক্লাব ট্রাবনস্পর। মিশরীয় তারকাকে দলে ভেড়াতে ইতোমধ্যেই বড় অঙ্কের আর্থিক প্রস্তাব দিয়েছে ক্লাবটি।

তুরস্কের স্বনামধন্য সাংবাদিক ইয়াগিজ সাবুনচুওলুর দাবি, সালাহর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ট্রাবনস্পর। দুই বছরের চুক্তিতে প্রতি মৌসুমে ১ কোটি ৭০ লাখ ইউরো বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪১ কোটি টাকা।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রাবনস্পরের প্রস্তাবে নীতিগতভাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন সালাহ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করছেন তিনি। একই সঙ্গে দুই পক্ষের আলোচনাও ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানা গেছে।

মূল বেতনের পাশাপাশি জার্সি বিক্রি থেকে অর্জিত আয়ের ২০ থেকে ২৫ শতাংশ ভাগাভাগির বিষয়েও আলোচনা চলছে। চুক্তির অংশ হিসেবে এই বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকলেও গত মার্চেই ক্লাব ছাড়ার ঘোষণা দেন সালাহ। এরপর ১ জুলাই থেকে ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাবের সন্ধানে রয়েছেন তিনি।

এর আগে সালাহকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল তুরস্কের আরেক ক্লাব বেসিকতাস। জুলাইয়ের মাঝামাঝি সময়ে ইস্তাম্বুলের ক্লাবটিতে তার যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা হলেও শেষ পর্যন্ত সমঝোতা হয়নি।

বেসিকতাস সভাপতি সেরদাল আদালি নিশ্চিত করেছিলেন, সালাহর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছিল। তবে শেষ মুহূর্তে কমিশন-সংক্রান্ত নতুন দাবির কারণে চুক্তি আর এগোয়নি।

ক্লাবটির কর্মকর্তা ওন্ডার ওজেনও জানিয়েছেন, আপাতত সালাহকে দলে নেওয়ার আলোচনা স্থগিত রয়েছে। বেসিকতাসের প্রস্তাবে বছরে ১ কোটি ইউরো মূল বেতন এবং অতিরিক্ত ২০ লাখ ইউরো পারফরম্যান্স বোনাস ছিল। তবে সেই প্রস্তাবে আর কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।

এদিকে ২০২২ সালে সর্বশেষ তুর্কি সুপার লিগের শিরোপা জেতা ট্রাবনস্পর আবারও শীর্ষ পর্যায়ের লড়াইয়ে ফিরতে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা করছে। সেই লক্ষ্যেই সালাহকে দলে টানতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি।

তবে শেষ পর্যন্ত ট্রাবনস্পরই সালাহর নতুন গন্তব্য হবে কি না, তা নির্ভর করছে তার চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। এদিকে সৌদি আরবের প্রো লিগ এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) কয়েকটি ক্লাবও পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।

সূত্র: ইএসপিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights