বিরলে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেফতার
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরলে গৃহবধূ সুমাইয়া আক্তার শ্যামলীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রাক্তন স্বামী মাহবুবুর রহমানের বিরুদ্ধে।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত শ্যামলী (২৫) বিজোড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। স্বামী মাহবুবুর রহমান (৫০) রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা এবং মৃত সফি উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দুই মাস আগে মাহবুবুর ও শ্যামলীর বিচ্ছেদ হয়। গত শনিবার দিবাগত রাতে মাহবুবুর জোর করে প্রাক্তন স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। পরে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন। শ্যামলীর চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত মাহবুবুর পালিয়ে যায়।
পরে স্থানীয়রা দগ্ধ শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। রাতেই রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে পুনরায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিরল থানার ওসি আল এমরান। তিনি জানান, হামলাকারী মাহবুবুর রহমানকে গ্রেফতার করে রবিবার আদালতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রিপন মামলা করেছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
