কারাগারে দাঙ্গার পর শ্রীলঙ্কায় সেনা মোতায়েন
অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কায় অতিরিক্ত বন্দীতে পূর্ণ একটি কারাগারের দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে দেশটিতে শত শত সেনা ও অভিজাত কমান্ডো মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, ওই কারাগারে দাঙ্গায় একজন বন্দী নিহত ও ছয়জন আহত হয়েছেন।
ডেপুটি পুলিশ ইন্সপেক্টর-জেনারেল সঞ্জীবা মেদাওয়াত্তে বলেছেন, রাজধানী কলম্বোর অদূরে অবস্থিত মাহারা কারাগারে শনিবার বন্দিরা বেশ কয়েকটি ভবন ধ্বংস করার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং বন্দিদের তাদের সেলে ফেরত পাঠাতে সশস্ত্র বাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্সের কমান্ডোদের কাছ থেকে অতিরিক্ত সহায়তা পেয়েছি।
২০২০ সালের নভেম্বরে ওই কারাগারে একটি দাঙ্গা ছড়িয়ে পড়ে, যাতে ১১ জন বন্দী গুলিতে নিহত এবং প্রায় ১২০ জন আহত হন। একই অঞ্চলে আরেকটি কারাগারে দাঙ্গার প্রায় এক মাস পর এই সর্বশেষ অস্থিরতার ঘটনাটি ঘটল; আগের সেই ঘটনায় ১০ জন কারারক্ষী ও ২১ জন বন্দী নিহত হয়েছিলেন।
মেদাওয়াট্টে জানিয়েছেন, মাহারা কারাগারের বন্দিরা সেখানকার রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত পুনর্বাসন ভবন এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের সুবিধাসমূহ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। কারাগারটিতে ৪,১০০ জন বন্দী ছিলেন। যা এর ধারণক্ষমতার প্রায় চার গুণ। দেশের অন্যান্য কারাগারের ক্ষেত্রেও এটি একটি সাধারণ সমস্যা। গত মাসে কর্তৃপক্ষ অব্যবহৃত সরকারি ভবনগুলোকে কারাগারে রূপান্তরের পরিকল্পনা ঘোষণা করেছে।
শ্রীলঙ্কার কারাগারগুলোতে থাকা বন্দীদের তিন-চতুর্থাংশের বেশিই হলেন বিচারাধীন বন্দী এবং এদের অধিকাংশই মাদক সংক্রান্ত অপরাধের দায়ে আটক।
সূত্র: এএফপি, দ্য ইকোনমিস্ট টাইমস।
