নড়াইলে স্বামীর হাতুড়িপেটায় স্ত্রীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকাসক্ত স্বামীর হাতুড়িপেটায় স্ত্রী জোনাকি খানম (২৩) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত জোনাকি করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। ঘটনার পর স্বামী জসিম শেখ (৩৮) থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

রবিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার করফা গ্রামের মোমরেজ শেখের ছেলে জসিম শেখ তার স্ত্রী জোনাকির কাছে টাকা চেয়ে তাকে প্রায়ই শারিরিক নির্যাতন করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় পারিবারিক কলহ লেগে থাকতো। স্বামী জসিম দুপুরে হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রী জেসমিনকে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঘটনার পরপরই জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেসমিনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। অভিযুক্ত স্বামী জসিম শেখকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights