ঝালকাঠিতে বেহাল সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজার থেকে পাঙ্গাসিয়ার পাড় পর্যন্ত সড়কের সংস্কার ও নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রবিবার(২ আগস্ট) সকালে উপজেলার পাঁচ নম্বর তারাবুনিয়া কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধনে বক্তাদের অভিযোগ, ২০০২ সালে এলজিইডির অধীনে আমতলা বাজার থেকে পাঙ্গাসিয়ার পাড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ১০০ মিটার দীর্ঘ সড়কটির মাত্র ১ কিলোমিটারে ইটের সলিং নির্মাণ করা হয়। কিন্তু সড়কটির ২ কিলোমিটার অংশ এখনো কাঁচা থাকায় সামান্য বৃষ্টিতেই কাদায় একাকার হয়ে পড়ে। ফলে বছরের অধিকাংশ সময়ই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী পথচারী থেকে শুরু করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে ভোগান্তি পোহাতে হয়।
বক্তারা আরও বলেন, সড়কটিতে তিনটি সাঁকো এবং আটটি কালভার্ট রয়েছে। এর মধ্যে তিনটি কালভার্ট বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এ সময় আন্দোলনকারীরা শিগগিরই সড়কটি সংস্কার, ঝুঁকিপূর্ণ কালভার্ট পুনর্নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাজী, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, বিএনপির সাবেক ৭নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, তারাবুনিয়া ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার আতিকুর রহমান, ৫ নম্বর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্লাদ হোসেন, স্থানীয় সমাজসেবক আব্দুল কুদ্দুসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
