বাজার স্থিতিশীল রাখতে তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাস

অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও স্থিতিশীলতা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। আগামী সেপ্টেম্বর মাস থেকে তারা প্রতিদিন অতিরিক্ত ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদনের ঘোষণা দিয়েছে।

রবিবার এক ভার্চুয়াল বৈঠকে জোটের শীর্ষ সাত সদস্য— সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমান বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই চুক্তিতে একমত হয়।

২০২৩ সালের এপ্রিল ও নভেম্বরে স্বেচ্ছায় তেল উৎপাদন কমানোর যে ঘোষণা দেওয়া হয়েছিল, মূলত সেখান থেকে ধীরে ধীরে সরে আসতেই নতুন এই পদক্ষেপ। পাশাপাশি, ২০২৪ সালের জানুয়ারি থেকে যেসব দেশ নির্ধারিত সীমার চেয়ে বেশি তেল উৎপাদন করেছিল, এই সমন্বয়ের ফলে তাদের ক্ষতিপূরণের সুযোগও ত্বরান্বিত হবে। বাজার পরিস্থিতি বুঝতে আগামী ৬ সেপ্টেম্বর সদস্য দেশগুলো ফের বৈঠকে বসবে।

এদিকে, ওপেক প্লাসের জয়েন্ট মিনিস্টেরিয়াল মনিটরিং কমিটির (জেএমএমসি) ৬৭তম বৈঠকেও জ্বালানি নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশ্বজুড়ে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক নৌপথ সুরক্ষিত রাখার ওপর জোর দিয়েছে তারা। কমিটি সতর্ক করে বলেছে, জ্বালানি স্থাপনায় যেকোনো হামলা বা নৌপথে বাধা সৃষ্টির ফলে তেলের সরবরাহ কমে যায় এবং চরম অস্থিতিশীলতা তৈরি হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনা মেরামত করাও বেশ ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।

বৈঠকে গত মে ও জুন মাসের উৎপাদন তথ্য পর্যালোচনা করে সদস্য দেশগুলোর নীতি মেনে চলার প্রশংসা করেছে জেএমএমসি। ২০২৪ সালের ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাসের চুক্তি অনুযায়ী তারা আগামীতেও বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। প্রয়োজনে যেকোনো সময় জরুরি বৈঠক ডাকার ক্ষমতাও নিজেদের হাতে রেখেছে জেএমএমসি। কমিটির পরবর্তী ৬৮তম বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights