যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা

অনলাইন ডেস্ক

গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা যুদ্ধ সাময়িকভাবে থামিয়ে দিয়েছিল যে চুক্তি, তা আবারও ফিরিয়ে আনতে জোর তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার পরই ১৪ দফার সেই ‘ইসলামাবাদ চুক্তি’ পুনরুজ্জীবিত করতে মাঠে নেমেছেন মধ্যস্থতাকারীরা।

রবিবার এক ভিডিও সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান গাশগাভি এই তথ্য জানান। তিনি বলেন, মধ্যস্থতাকারীরা চুক্তিটি ফেরানোর চেষ্টা করছেন। তারা জানেন, বর্তমান পরিস্থিতির মূল চাবিকাঠি হলো হরমুজ প্রণালি। তাই এ নিয়ে মতবিনিময় অব্যাহত রয়েছে। বর্তমানে প্রস্তাব নিয়ে অনবরত মতবিনিময় ও আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন সাবেক কূটনীতিক গাশগাভি।

ইরানের উপসাগরীয় প্রতিবেশী কাতার এবং পূর্বের প্রতিবেশী পাকিস্তানের মধ্যস্থতায় এই সমঝোতা স্মারকটি সই হয়েছিল। পাকিস্তানের রাজধানীতে আলোচনা হওয়ায় এটি ‘ইসলামাবাদ চুক্তি’ নামে পরিচিত। এই চুক্তিতে হরমুজ প্রণালির নতুন ব্যবস্থা এবং বৃহত্তর চুক্তির জন্য তেহরান ও ওয়াশিংটনের কূটনীতি চালুর কথা বলা হয়েছিল। এমনকি লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যকার সংঘাত অবসানেরও আহ্বান ছিল এতে। তবে পরবর্তীতে শর্ত লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগে চুক্তিটি ভেস্তে যায়।

এদিকে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত যুদ্ধ শেষের চুক্তিতে পৌঁছানোর শর্তে ওয়াশিংটন ও ইসরায়েল আপাতত ইরানে নতুন হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছে। ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, চুক্তির রূপরেখায় পৌঁছানোয় তিনি হামলা স্থগিত রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights