রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা চর্চা ফিরিয়ে আনতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা, সৌন্দর্য ও পরিশীলিত চর্চা ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের আয়োজনে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ আবৃত্তি উৎসব-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বিগত বছরগুলোর নানা সংকটের কারণে রাজনীতি, সংস্কৃতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে জাতি, ধর্ম ও গোষ্ঠী নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বর্তমান সরকার কাজ করছে।
তিনি বলেন, দেশের সংস্কৃতি খাতকে পুনরুজ্জীবিত ও পরিশীলিত করতে সরকার আন্তরিক। এ লক্ষ্যে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা, সৌন্দর্য ও পরিশীলিত চর্চা ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক ভাষা থেকে কুৎসিত ও অশালীন রূপ দূর করে একটি সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পুনর্নির্মাণ ও সাংস্কৃতিক চর্চার প্রতি সরকারের পূর্ণ সমর্থন থাকবে।
শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে রাষ্ট্র পুনর্নির্মাণের প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বপরিসরে বাংলাদেশকে মর্যাদাশীল অবস্থানে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দিনব্যাপী আয়োজিত উৎসবে আন্তঃবিভাগ নজরুল আবৃত্তি প্রতিযোগিতা, গুণিজন সম্মাননা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক, আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল, সংগঠনটির সাবেক ব্যবস্থাপনা উপদেষ্টা অধ্যাপক মো. মহিউদ্দিন ফরিদ সহ অন্যান্যরা।
উৎসব শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা ফলকের সামনে প্রতিমন্ত্রী সম্মাননা স্মারক প্রদর্শন করেন।
