ফরিদপুরে আগুনে পুড়লো চার দোকান

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার একটি বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে দোকানগুলোর মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামদীয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি দোকানে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে রাত ৩টার দিকে সদরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই চারটি দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মো. ছাত্তার বেপারীর ঔষধের দোকান, নজরুল ফকিরের মুদি দোকান, সাইফুল বেপারির মুদি দোকান, নবীন বেপারীর কাঁচামালের দোকানসহ আরও একটি দোকান। আগুনে দোকানগুলোর সব মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানগুলোর ভেতরে থাকা কোনো মালামাল বের করার সুযোগ পাওয়া যায়নি। বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্থানীয়দের সহযোগিতা এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশপাশের আরও দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়।

সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রনেন্দ্র নাথ চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights