এশিয়ান গেমসের প্রস্তুতি ম্যাচে জিমিদের বড় জয়
অনলাইন ডেস্ক
আসন্ন এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২০ হকি দলের (যারা বিকেএসপিতে এশিয়া কাপের ক্যাম্পে আছে) মুখোমুখি হয়েছিল বাংলাদেশ জাতীয় হকি দল।
সোমবারের এই ম্যাচে ৭-১ গোলের ব্যবধানে জয় পায় তারা।
ম্যাচ শেষে দলের সামগ্রিক পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জাতীয় দলের প্রধান কোচ পিটার গেরহার্ড বলেন, অনুশীলনে যা শেখানো হয়েছে, ম্যাচে খেলোয়াড়রা তা হুবহু প্রদর্শন করায় বেশ আনন্দিত। তবে এই জয়েই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নই।
খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, আমি কখনোই সহজে সন্তুষ্ট হই না, আমাদের এখনও অনেক কাজ বাকি।
জাতীয় দলের বর্তমান স্কোয়াডের প্রশংসা করে গেরহার্ড বলেন, আমি সবসময় যা বলে এসেছি, এই দলটিতে প্রচুর প্রতিভা রয়েছে। এদের বিশেষত্ব হলো, আপনি তাদের যা বলবেন বা অনুশীলনে যা করাবেন, তারা খুব দ্রুত তা আয়ত্ত করে ম্যাচে ফুটিয়ে তুলতে পারে। কিন্তু এর মধ্যেও আমাদের কিছু জায়গায় এখনও ঘাটতি ও সমস্যা রয়েছে, যা নিয়ে আমাদের নিবিড়ভাবে কাজ করতে হবে।
এশিয়ান গেমস বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ। সেটা মনে করিয়ে পিটার বলেন, আমাদের ভুলে গেলে চলবে না আমাদের আসল লক্ষ্য হলো দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি। আজ আমরা যাদের সাথে খেলেছি, কোরিয়া কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত উচ্চ ক্যালিবারের দল। তাই আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ এবং কঠোর পরিশ্রম অপেক্ষা করছে। তবে বর্তমান মুহূর্তে দল যে অবস্থানে দাঁড়িয়ে আছে, তা নিয়ে আমি সামগ্রিকভাবে খুশি।
