ডিসেম্বরেই কি ফুটবলকে বিদায় জানাবেন নেইমার?
স্পোর্টস ডেস্ক
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জানিয়েছেন, ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না। সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। এরপর ক্লাবে থাকবেন, অন্য কোথাও যোগ দেবেন, নাকি ফুটবল থেকেই অবসর নেবেন সেটি তখনই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের দাতব্য নিলামে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসরের কথা এখনো ভাবিনি। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। সেটি শেষ করে তারপর সিদ্ধান্ত নেব।’
তিনি আরও বলেন, আপাতত ভবিষ্যৎ নিয়ে না ভেবে এক ম্যাচ করে এগোতে চান। শারীরিকভাবে নিজেকে ভালো অনুভব করছেন বলেও জানান ব্রাজিলিয়ান তারকা।
এদিকে, কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর বিপক্ষে ম্যাচের আগে সান্তোস দলে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে জয়ের বিকল্প নেই সান্তোসের।
ম্যাচে নিজের খেলার সম্ভাবনা নিয়ে মজার ছলে নেইমার বলেন, সংবাদমাধ্যম নাকি আগেই ঠিক করে ফেলেছে তিনি বেঞ্চে থাকবেন। তবে কোচ ডাকলে মাঠে নেমে দলকে জিততে সাহায্য করতে তিনি শতভাগ প্রস্তুত।
জাতীয় দল নিয়েও সম্প্রতি আলোচনায় ছিলেন নেইমার। গত জুলাইয়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ব্রাজিলের হয়ে তার অধ্যায় শেষ হয়ে যেতে পারে। তবে তার বাবা নেইমার সান্তোস সিনিয়র বলেছেন, সেটিকে চূড়ান্ত অবসরের ঘোষণা হিসেবে দেখা উচিত নয়। তার ভাষায়, এটি ছিল ছেলের সেই মুহূর্তের অনুভূতি, কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়।
সূত্র: ডেইলি স্পোটর্স
