হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ওয়াশিংটন-তেহরান আলোচনা নিয়ে চরম ধোঁয়াশা

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালিতে একটি মালবাহী জাহাজে রহস্যজনক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক আলোচনা শুরু হওয়া নিয়ে দুই দেশের দ্বিমুখী দাবিতে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ওমানের উপকূলীয় খাসাব শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থানকালে একটি বাণিজ্যিক জাহাজ মাঝরাতে হামলার শিকার হয়। হামলায় জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে এর মালিকানা বা পতাকার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বের অন্তত এক-পঞ্চমাংশ জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম প্রধান এই পথটি প্রায় অবরুদ্ধ হয়ে রয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে। তবে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো ধরনের আলোচনা হচ্ছে না। কেবল ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের সাময়িক একটি পথ তৈরির বিষয়ে তাদের ট্রানজিট বৈঠক চলছে। ট্রাম্প এই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ইরানের নীতিকে ‘দ্বিমুখী’ বলে অভিহিত করেছেন।

সূত্র: এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights