কাঁচামরিচের দাম কেজিতে ১০০ টাকা কমেছে

দিনাজপুর প্রতিনিধি:

কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের বাজারে কাঁচামরিচের দাম কেজি প্রতি ১০০ টাকা কমেছে। ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরুর পর হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ভারতীয় কাঁচামরিচ ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানির ফলে দেশি বাজারেও দাম কমেছে বলে জানিয়েছে খুচরা বিক্রেতারা।

মঙ্গলবার দেশি কাঁচামরিচ ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

হিলির কাঁচাবাজারে মরিচ কিনতে আসা তাজ, ওমরআলীসহ কয়েকজন বলেন, ভারত থেকে আমদানি শুরু হওয়ার পরই কেজি প্রতি ১০০ টাকা দাম কমেছে। অথচ বাজারে কাঁচামরিচের দাম ৩০০ টাকা কেজি ছিল। হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতারা বলছেন, বর্তমানে বাজারে কাঁচামরিচের দাম কমেছে। কেজি প্রতি ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি করছি, যা সোমবারও ছিল ২৫০ থেকে ২৬০ টাকা। দাম কমায় ক্রেতার সংখ্যাও বেড়েছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে কেজি প্রতি ১০০ টাকার নিচেও কাঁচামরিচ পাওয়া যাবে।

উল্লেখ্য, দীর্ঘ সাড়ে আট মাস বন্ধ থাকার পর গত ৩ আগস্ট থেকে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে চারটি ট্রাকে প্রায় ৩০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। এখন পর্যন্ত ৬৯ জন আমদানিকারক ২৯ হাজার ৪০০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights