হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা এগোচ্ছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি

অনলাইন ডেস্ক
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌযান চলাচলের জটিলতা কাটাতে ইরান ও ওমানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা দ্রুত এগোচ্ছে। বিশেষ করে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে উভয় দেশ অনেকটাই এগিয়ে গেলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

প্রস্তাবিত নতুন কারিগরি রূপরেখা অনুযায়ী, হরমুজ প্রণালিতে প্রবেশকারী সব বাণিজ্যিক জাহাজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের। অন্যদিকে, প্রণালি ছেড়ে বেরিয়ে যাওয়ার অপেক্ষায় থাকা জাহাজগুলোকে তেহরানকে অবহিত করে ছাড়পত্র দেওয়ার দায়িত্ব পালন করবে ওমান।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এটি কেবল মাসকাট ও তেহরানের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে এতে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। একই সঙ্গে চলমান হরমুজ সংকটের জন্য ওয়াশিংটনকেই দায়ী করেছেন তিনি। দুই পক্ষের পাল্টাপাল্টি হুঙ্কার সত্ত্বেও সামরিক ও কৌশলগত দিক থেকে হরমুজ প্রণালিকেই নিজেদের প্রধান শক্তির উৎস হিসেবে ব্যবহার করছে ইরান।

এদিকে, আলোচনায় অগ্রগতির বিষয়টি স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের বলেন, আলোচনায় স্পষ্ট অগ্রগতি হয়েছে, তবে এখনো চূড়ান্ত রূপ দেওয়া সম্ভব হয়নি। আমরা আশা করছি খুব শিগগিরই শেষ পর্যন্ত একটি সমঝোতা হবে।

তবে জলপথটি পুনরায় উন্মুক্ত করার সম্ভাবনা তৈরি হলেও সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। তারা জানিয়েছে, বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণের ঘটনা অব্যাহত থাকায় এই সমুদ্রপথে নৌযান চলাচলের ঝুঁকি এখনো অত্যন্ত বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights