জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান
কুমিল্লা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের চেয়ারম্যান ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো.মোস্তাক মিয়া।
মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটের সাধারণ সম্পাদক জামিল আহমেদ খন্দকার।
মোস্তাক মিয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, জাতি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবতার সেবায় কাজ করে আসছে। মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো এবং মানবিক কার্যক্রম অব্যাহত রাখাই রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের সদস্য দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান।
ইউনিটের সহকারী পরিচালক সাজিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল খন্দকার, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোর্শেদ, যুব রেড ক্রিসেন্টের সভাপতি সজিব হোসেনসহ রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
