দুবাইয়ে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ, নেপথ্যে কি?
অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে পর পর অন্তত সাতটি বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাতে মাত্র ২০ মিনিটের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ওই এলাকার ওপর আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ভাসতে দেখা যায়। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। আতঙ্কে বাসিন্দারা রাজপথে নেমে আসেন। নিকটবর্তী আল ফুরজান এলাকার অধিবাসীরাও নির্দিষ্ট সময়ে পরপর ভারী শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা আর্থিক ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যের সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতিতে এই বিস্ফোরণটি পরিকল্পিত কোনো হামলা নাকি স্রেফ শিল্পাঞ্চলের দুর্ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ইরানের মেহের বার্তা সংস্থার বরাতে জানা গেছে, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এরই মধ্যে দুইজনকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি নাসা থার্মাল ইমেজিং সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, বন্দরের সংলগ্ন একটি জ্বালানি সঞ্চয় ও স্থানান্তর গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। অন্যদিকে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে কিছু ইরাকি সংবাদমাধ্যম।
জেবেল আলি এলাকাটি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক ও আন্তর্জাতিক নৌ-পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত। বিশ্বের বৃহত্তম কৃত্রিম বন্দর এবং বিখ্যাত পাম জেবেল আলি দ্বীপ এই অঞ্চলেই অবস্থিত। বর্তমানে গোটা অঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও দুবাইয়ের সরকারি গণমাধ্যম থেকে বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য জারি করা হয়নি। পুরো ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দেশটির প্রশাসন।
সূত্র: এনডিটিভি
