জুলাই কোনো ব্যক্তি বা দলের নয়, এটি জনগণের অর্জন: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘জুলাই কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, এটি বাংলাদেশের সাধারণ মানুষের অর্জন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা কিংবা বিভ্রান্তি ছড়ানোর যে কোনো অপচেষ্টা জনগণকে প্রতিহত করতে হবে।’
বুধবার বিকালে রাজধানীর পল্লবীতে তামিরুল উম্মাহ মডেল মাদ্রাসার আয়োজনে বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে। সেই দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তিনি বলেন, ‘জুলাইয়ের অর্জন এ দেশের জনগণের। এটিকে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণযোগ্য নয়।’
অনুষ্ঠানে স্থানীয় একটি মাদ্রাসার জন্য সরকারি জায়গা বরাদ্দের দাবির প্রসঙ্গ টেনে আমিনুল হক বলেন, উপযুক্ত জমির তথ্য উপস্থাপন করা হলে সরকারি বিধি-বিধান অনুসরণ করে মাদ্রাসার জন্য জায়গা বরাদ্দের উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।
শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিশুদের মোবাইল ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখে, একই সঙ্গে মাদক থেকে সুরক্ষিত রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বছরে অন্তত দুই থেকে তিনবার ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। পাশাপাশি বিতর্ক, সাংস্কৃতিক কার্যক্রম, কোরআন শিক্ষা, কারাতেসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তামিরুল উম্মাহ মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এমপি। সভাপতিত্ব করেন আলেয়া অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল।
