৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলার পলাতক আসামি আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল ওয়াহেদ (৫৫) মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক।

র‌্যাব-১৪-এর জামালপুর সিপিসি-১ সূত্র জানায়, গত ৪ মে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ থানায় আবদুল ওয়াহেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাকে আটকের লক্ষ্যে অভিযান শুরু করে র‌্যাব। মঙ্গলবার পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আবদুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights