জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ ও আহত যোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

লালমনিরহাট প্রতিনিধি

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গড়ে তোলাই বর্তমান প্রজন্মের অঙ্গীকার হওয়া উচিত।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ৫৭ জন যোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে সকালে জুলাই স্মৃতিসৌধে জেলা প্রশাসন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights