সিলেটে হামের প্রাদুর্ভাব : ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, হাসপাতালে তিন শতাধিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪ জন সন্দেহভাজন হাম রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০৪ জন সন্দেহভাজন রোগী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত ‘হাম ও রুবেলা পরিস্থিতি প্রতিবেদন’-এ এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে হাম আক্রান্ত ও সন্দেহভাজন হিসেবে মোট ১২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৫৬ জন, সুনামগঞ্জে ৩৫১ জন, হবিগঞ্জে ৮৫ জন (এর মধ্যে দুইজন রুবেলা রোগী) এবং মৌলভীবাজারে ৮২ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ৭৪ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৩০৪ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৪১ জন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৯ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুইজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রোয়াগাঁও এলাকার চার মাস বয়সী আবু বক্কর। তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের সাত মাস বয়সী তাইফা। তিনি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights