উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় নাফ নদ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল উখিয়ার ক্যারেঙ্গাগোনা এলাকায় অবস্থান নেয়। পরে মিয়ানমার সীমান্ত থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।

আটকরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরগুনা গ্রামের মো. রাশেদ (২০) এবং উখিয়া উপজেলার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আব্দুল্লাহ (২২)।

তাদের কাছে থাকা তিনটি পোটলা তল্লাশি করে খাকি রঙের মোড়কে রাখা ১২ কার্টনে মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights