চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার স্প্রিং ফেয়ার সফল করতে প্রস্তুতি সভা
সিডনি প্রতিনিধি
সিডনিতে বসবাসরত বাংলাদেশি ও বৃহত্তর বহুসাংস্কৃতিক কমিউনিটির অন্যতম আকর্ষণীয় আয়োজন হিসেবে আসন্ন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া ইনকরপোরেটেডের ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ সফল করতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১১ অক্টোবর সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসব।
আয়োজনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় মিন্টোতে অবস্থিত সৈয়দ পার্টনার্স অফিসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার নির্বাহী সদস্য, স্পন্সর, কমিউনিটি পার্টনার ও আয়োজক কমিটির সংশ্লিষ্টরা অংশ নেন।
সভায় স্প্রিং ফেয়ারের সার্বিক পরিকল্পনা, বিভিন্ন কার্যক্রমের দায়িত্ব বণ্টন, স্টল ব্যবস্থাপনা, স্পন্সরশিপ, স্বেচ্ছাসেবক সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বক্তারা বলেন, এবারের স্প্রিং ফেয়ার ২০২৬ শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়; বরং বিভিন্ন সংস্কৃতি ও কমিউনিটির মানুষকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে এটি সিডনির একটি উল্লেখযোগ্য বহুসাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে।
চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি সাইফ চৌধুরী সভায় উপস্থিত স্পন্সর, কমিউনিটি পার্টনার ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, “এই উৎসব কেবল বিনোদনের জন্য নয়। বিভিন্ন সংস্কৃতি ও কমিউনিটিকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করাই আমাদের অন্যতম লক্ষ্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের আয়োজন আরও বড় ও সফল হবে বলে আমরা আশাবাদী।”
চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার কার্যকরী সদস্য সৈয়দ আকরাম উল্লাহ জানান, এবারের উৎসবে শিশু ও পরিবারের জন্য বিশেষ কিছু ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত শিশুদের জন্য ফ্রি রাইডের ব্যবস্থা থাকবে। পাশাপাশি শিশুদের নিয়ে আসা অভিভাবকদের সুবিধার কথা বিবেচনা করে থাকবে প্যারেন্টাল প্লেস।
তিনি আরও জানান, দুর্গাপূজার প্রায় এক সপ্তাহ আগে হওয়ায় উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের জন্য কেনাকাটারও একটি ভালো সুযোগ তৈরি করবে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে অনুষ্ঠিত হবে স্প্রিং ফেয়ার। এবারের উৎসবে ১৫ হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে। বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে উৎসবটি আরও বৈচিত্র্যময় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার ট্রেজারার সাদিয়া হক জানান, স্প্রিং ফেয়ারে থাকবে দেশি-বিদেশি খাবারের বিভিন্ন স্টল, পোশাক ও রিটেইল স্টল, বিভিন্ন পণ্য ও সেবার প্রদর্শনী এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। পরিবারের সদস্যদের নিয়ে উপভোগ করার মতো নানা বিনোদনমূলক আয়োজনও থাকবে।
ব্যবসায়ীদের জন্যও এবারের স্প্রিং ফেয়ার গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হবে বলে জানান তিনি। উৎসবে অংশগ্রহণকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ব্র্যান্ড প্রচার, পণ্য ও সেবা প্রদর্শন এবং নতুন গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন।
আয়োজকদের পক্ষে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার ভাইস প্রেসিডেন্ট সৈয়দ বাকের জানান, আগ্রহী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য এখনো সীমিত সংখ্যক স্টল এবং স্পন্সরশিপের সুযোগ রয়েছে। আগ্রহীদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানান তিনি।
অন্যদিকে ক্লাবের কার্যকরী সদস্য ইরফান ফয়েজ আশা প্রকাশ করেন, কমিউনিটির সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে এবারের স্প্রিং ফেয়ার সিডনির অন্যতম স্মরণীয় ও সফল বহুসাংস্কৃতিক উৎসবে পরিণত হবে। আয়োজকরা মনে করছেন, বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি, ব্যবসা, বিনোদন ও বহুসাংস্কৃতিক সম্প্রীতির সমন্বয়ে ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ সিডনিতে একটি প্রাণবন্ত উৎসবের আবহ তৈরি করবে।
