মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে রিপন রায় (৪৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের মৃধা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন রায় বরিশাল নগরীর কাশিপুরের ইছাকাঠী কলোনির মৃত পিটার রায়ের ছেলে।
গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন জানান, রিপন রায় মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। খাঞ্জাপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
