জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রূপগঞ্জে বিজয় র্যালি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রূপগঞ্জে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
বিকেল ৪টায় ভুলতা ইউনিয়ন বিএনপি কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে সমবেত হতে শুরু করেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ফেস্টুন ও জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে নানা প্ল্যাকার্ড দেখা যায়।
র্যালির পুরো সময়ে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভূইয়া। ভুলতা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দীপু ভূইয়া জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, শরীফ আহম্মেদ টুটুল, মাহাবুবুর রহমান, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, অ্যাডভোকেট গোলজার হোসেন, দেওয়ান সালাউদ্দিন আহমেদ, মোশারফ হোসেনসহ অন্যরা।
