সীমান্ত ক্যাম্পে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, ইয়েমেনের ৫৮ সেনা নিহত
অনলাইন ডেস্ক
ইরান-সমর্থিত হুতিগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনে ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। সামরিক সূত্রের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত চার বছরের মধ্যে দেশটিতে এক দিনে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।
ইয়েমেনের এক সামরিক কর্মকর্তা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার মারিব প্রদেশের আল-রুওয়াইক এবং সৌদি সীমান্তসংলগ্ন হাদ্রামাউতের আল-আবর ও আল-ওয়াদিয়া এলাকার সামরিক ক্যাম্পগুলোতে হামলা চালানো হয়।
মারিবের একটি সামরিক ক্যাম্পে সকালে সেনা সমাবেশ চলার সময় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ঘটনাস্থলেই অন্তত ৪৫ সেনা সদস্য নিহত হন।
হুতিগোষ্ঠী দাবি করেছে, সৌদি-সমর্থিত সামরিক শক্তি বৃদ্ধির প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। এর মধ্য দিয়ে বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পাশাপাশি ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাতও আরও তীব্র হয়ে ওঠার ইঙ্গিত মিলছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সরকারি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে আল-রুওয়াইক, আল-থানিয়াহ ও আল-আবর এলাকার নাম উল্লেখ করেন তিনি।
যেকোনো ধরনের উত্তেজনা মোকাবিলায় তাঁদের গোষ্ঠী প্রস্তুত রয়েছে বলেও জানান সারি।
এদিকে ইয়েমেনের গণ্ডি পেরিয়ে সৌদি আরবেও হামলার প্রভাব পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের নাজরান এলাকায় হুতিদের হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন।
