হোয়াইট হাউজে ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম তৈরিতে আদালতের স্থগিতাদেশ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউজে ৪০ কোটি ডলার ব্যয়ে বলরুম তৈরির কাজ বন্ধের নির্দেশ দিয়েছে একটি ফেডারেল আপিল আদালত।

হোয়াইট হাউজের ভেঙে ফেলা ইস্ট উইংয়ের জায়গায় এই বলরুম তৈরির উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। আদালতের এই নির্দেশের ফলে প্রেসিডেন্ট ট্রাম্প তার এখতিয়ারের সীমা পরীক্ষায় আরেক আইনি লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেলেন।

শুক্রবার ওয়াশিংটন-ভিত্তিক ডিসট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের আপিল আদালত ২-১ মংখ্যাগরিষ্ঠ মতামতে বলরুম তৈরির কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, “প্রতিটি প্রেসিডেন্টই হোয়াইট হাউজের সাময়িক বাসিন্দা, তারা স্থায়ী মালিক নন। তাই কংগ্রেসের অনুমোদন ছাড়া হোয়াইট হাউজের মতো ঐতিহাসিক স্থাপনা পুনর্গঠন বা এর কাঠামো পরিবর্তন করা যায় না।”

গত বছর ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউজের ইস্ট উইং ভেঙে সেখানে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের বিশাল বলরুম তৈরির কাজ শুরু করে। তবে এ প্রকল্পের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি।

বড় ধরনের অনুষ্ঠান আয়োজন করা এবং নিরাপত্তার স্বার্থে এই বলরুম প্রয়োজন বলে দাবি করেছিল প্রশাসন। তবে এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণবিষয়ক সংস্থা ‘ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন’ আদালতে মামলা করে। অভিযোগ ছিল, হোয়াইট হাউজের ঐতিহ্যবাহী ইস্ট উইং ধ্বংস করে সেখানে নতুন কাঠামো নির্মাণ শুরু করে ট্রাম্প তার প্রেসিডেন্সির ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

এই অভিযোগ প্রাথমিকভাবে আমলে নিয়ে ইউএস ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড লিওন গত এপ্রিলে হোয়াইট হাউজে ট্রাম্পের বলরুম তৈরির কাজ আটকে দেন। শুক্রবার ফেডারেল আপিল আদালতের দেওয়া আদেশের মাধ্যমে আগের দেওয়া নিষেধাজ্ঞাই বহাল থাকল।

তবে ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ দিতে ১৪ দিনের জন্য আদেশটি স্থগিত রেখেছে আপিল আদালত। এ বিষয়ে হোয়াইট হাউজ কিংবা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights