মাস্তানতুয়োনোকে ধারে ফিওরেন্টিনায় পাঠাল রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক
নানা সময়ে সম্ভাবনার ছাপ রাখলেও সামর্থ্যের পূর্ণ প্রতিফলন খুব একটা করতে পারেননি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তাই প্রতিভার বিকাশের জন্য আর্জেন্টাইন তরুণকে ধারে ফিওরেন্তিনায় পাঠাল রিয়াল মাদ্রিদ। ভিন্ন ভিন্ন বিবৃতিতে রিয়াল মাদ্রিদ ও ফিওরেন্তিনার পক্ষ থেকে বলা হয়েছে, ১৮ বছর বয়সী মাস্তানতুয়োনোর জন্য ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে এক মৌসুমের ধারের চুক্তি করেছে দুই ক্লাব।

ধারের এই চুক্তিতে বিশেষ কোন শর্ত নেই। অর্থাৎ ধারের মেয়াদ শেষ হয়ে গেলে মাস্তানতুয়োনোকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ থাকছে না ফিওরেন্তিনার। তাই এক মৌসুম পর আবার রিয়ালের জার্সিতে দেখা যাবে আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারকে।

বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে গত বছর রিভারপ্লেট ছেড়ে রিয়ালে নাম লেখান মাস্তানতুয়োনো। প্রথম মৌসুমে ৩৫ ম্যাচ খেলে ৩ গোল করেন তিনি। বেশিরভাগ ম্যাচেই অবশ্য বদলি হিসেবে মাঠে নামেন।

গত বছরের জুনে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলেন মাস্তানতুয়োনো। সেদিন তার বয়স ছিল ১৭ বছর ২৯৬ দিন। যার সৌজন্যে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড এখন তার। তবে পরবর্তীতে ক্লাবের হয়ে সময়টা তেমন ভালো কাটেনি ১৮ বছরের তরুণের। তাই শেষ পর্যন্ত মাস্তানতুয়োনোকে ২০২৬ ফিফা বিশ্বকাপের স্কোয়াডে রাখেননি লিওনেল স্কালোনি।

সামনের পথচলায় ফিওরেন্তিনায় নাম লিখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাস্তানতুয়োনো, ‘আমার জন্য এটি বিশেষ দিন। দারুণ ইতিহাসসমৃদ্ধ এই ক্লাবে যোগ দেওয়ার জন্য মুখিয়ে ছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights