ইরানে সরকার পরিবর্তন আনতে ব্যর্থ, দুই শীর্ষ কর্মকর্তাকে সরাল মোসাদ
অনলাইন ডেস্ক
ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১২।
অপসারিত দুই কর্মকর্তা মোসাদের ইরান বিভাগ ও গোয়েন্দা অধিদপ্তরের প্রধান ছিলেন। তবে তাঁরা সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মোসাদ পরিচালক রোমান গোফম্যান এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে সংস্থার ভেতরে অসন্তোষ ও বিস্ময় দেখা দিয়েছে।
ইসরায়েলি দৈনিক হারেৎজ এক সূত্রের বরাতে জানিয়েছে, রোমান গোফম্যান আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সচিব থাকাকালে ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনার অন্যতম সমর্থক ছিলেন। পরিকল্পনা ব্যর্থ হওয়ার দায় থেকে নেতানিয়াহুকে দূরে রাখতেই দুই কর্মকর্তাকে সরানো হয়েছে বলে দাবি ওই সূত্রের।
এর আগে চলতি বছরের মার্চে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, তৎকালীন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ইরানি সরকারের পতন ঘটানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছিলেন। ওই পরিকল্পনায় কুর্দি বাহিনীর স্থল অভিযান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার কথা ছিল।
দীর্ঘদিন ধরেই ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা নেতানিয়াহুর অন্যতম কৌশলগত লক্ষ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে।
গত ২ জুন মোসাদের পরিচালক হিসেবে দায়িত্ব নেন রোমান গোফম্যান। তাঁর নিয়োগ নিয়েও শুরু থেকেই বিতর্ক ও সমালোচনা ছিল।
সূত্র: আন্দুলু
