পশ্চিমা জোটে বিভেদ বাড়ছে, দাবি ইরানের

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করলেও তাদের নির্ধারিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনি গার্ড কোর আইআরজিসি। শুক্রবার আইআরজিসির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ব্যর্থতার পাশাপাশি পশ্চিমা মিত্র দেশগুলোর মধ্যেও এখন স্পষ্ট ফাটল ধরতে শুরু করেছে। বিশ্বমঞ্চে তাদের প্রভাবও ক্রমেই হ্রাস পাচ্ছে।

আইআরজিসির মতে, ইরানের সাধারণ জনগণকে রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে শত্রুপক্ষ নানা রকম অপপ্রচার চালালেও তাদের সেই কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ী সম্প্রতি এক বক্তব্যে জানিয়েছেন, ইরানের ভেতরে স্থল অভিযানের একটি বড় মার্কিন পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের ভুল হিসাব-নিকাশের কারণেই ওই পরিকল্পনা ভেস্তে গেছে বলে দাবি করেন তিনি। এছাড়া দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বিভিন্ন সেতুতে হামলা চালিয়ে উপকূলীয় অঞ্চলকে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার একটি পরিকল্পনাও ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে ইরানের সামরিক সক্ষমতা আরও বাড়াতে নতুন সমরাস্ত্র সংযোজন করা হয়েছে। সামরিক ইউনিটগুলোর পুনর্গঠন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সূত্র: আল মায়াদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights