৯ ফুট লম্বা চুলে বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

যেখানে চুল শুকাতে একটু বেশি সময় লাগলেই সাধারণ মানুষ ধৈর্য হারিয়ে ফেলেন, সেখানে ভারতের উত্তরাখণ্ডের বাসিন্দা রেনু ধারিয়ালের জন্য চুল ধোয়া এবং তা সামলানো রীতিমতো বহু ঘণ্টার এক কর্মযজ্ঞ। প্রায় ৯ ফুট দীর্ঘ চুলের অনন্য এক কীর্তি গড়ে জীবিত নারীদের মধ্যে বিশ্বের দীর্ঘতম চুলের নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী হিসেবে নিজের নাম খোদাই করেছেন তিনি। তার চুলের দৈর্ঘ্য পরিমাপ করা হয়েছে অবিশ্বাস্য ২৭১.৫ সেন্টিমিটার বা ৮ ফুট ১০ ইঞ্চি, যা একটি কক্ষের উচ্চতার প্রায় সমান।

চলতি বছরের শুরুর দিকে উত্তরাখণ্ডের হালদ্বানীতে আনুষ্ঠানিকভাবে এই রেকর্ডের সত্যতা যাচাই করা হয়। এর মাধ্যমে ইউক্রেনের পূর্ববর্তী রেকর্ডধারীকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন তিনি, যার চুলের দৈর্ঘ্য ছিল ৮ ফুট ৫ ইঞ্চির একটু বেশি।

দীর্ঘ এই যাত্রার সূচনা হয়েছিল প্রায় ১০ বছর আগে। রেনু জানান, ২০১৫ সালে তিনি একটি অত্যন্ত সহজ সিদ্ধান্ত নিয়েছিলেন—আর কখনো চুল কাটবেন না। সেই সিদ্ধান্তের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তবে কেবল রেকর্ড গড়ার উদ্দেশ্যে তিনি চুল বড় করা শুরু করেননি। ভারতে ঐতিহ্যগতভাবে দীর্ঘ চুলকে সৌন্দর্য, সংস্কৃতি ও আত্ম পরিচয়ের সঙ্গে যেভাবে দেখা হয়, তা দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। বছরের পর বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে তার চুলের সেই অতিরিক্ত ইঞ্চিগুলো নীরবে রূপ নেয় এক অনন্য বিশ্ব রেকর্ডে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তার বিশাল চুল মেঝেতে ছড়িয়ে রয়েছে এবং বিছানার প্রান্ত বেয়ে নিচে গড়াচ্ছে। দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে তিনি প্রায়ই চুল বেণি করে রাখেন।

এত লম্বা চুল রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার জন্য হয়তো ভারী কোনো খরচ বা পার্লারের ব্যয়বহুল ট্রিটমেন্ট লাগে বলে অনেকে ধারণা করতে পারেন। তবে রেনু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিষয়টি একেবারেই তেমন নয়। তিনি কোনো নামীদামি কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার না করে কেবল ঘরে তৈরি তেল ও প্রাকৃতিক শ্যাম্পুর ওপর ভরসা রাখেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইউটিউব চ্যানেলের অনুসারীদের জন্য তিনি নিয়মিত ঘরোয়া হেয়ার কেয়ার টিপস ও বিভিন্ন পদ্ধতি শেয়ার করেন। তবে এত বড় চুল যত্ন করা মোটেও সহজ নয় স্বীকার করে তিনি জানান, চুল ধোয়া, শুকানো এবং জট ছাড়াতে প্রচুর সময় লাগে। আর এই কাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অসীম ধৈর্য।

দীর্ঘ এই চুলের কারণে বাইরে বের হলেই পথচলতি মানুষ রেনুর দিকে বিস্ময় নিয়ে দ্বিতীয়বার তাকাতে বাধ্য হন। অনেকেই থমকে দাঁড়িয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করেন এবং তার সৌন্দর্যের প্রশংসা করেন। তবে গিনেসের এই খেতাব কেবল দীর্ঘ চুলে সীমাবদ্ধ রাখতে চান না রেনু। তিনি আশা করেন, তার এই সাফল্য মানুষকে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে অনুপ্রাণিত করবে। ধারাবাহিকতা এবং ছোট ছোট চেষ্টার মাধ্যমেই যে শেষ পর্যন্ত অসাধারণ কিছু অর্জন করা সম্ভব, এই বিশ্ব রেকর্ড তারই এক বড় প্রমাণ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তার এই কীর্তির কথা প্রকাশ করার পর ইন্টারনেটে মন্তব্যের ঝড় ওঠে। অনেকেই রেনুর এই অবিশ্বাস্য অর্জনে মুগ্ধতা প্রকাশ করেছেন, আবার অনেকে হালকা রসিকতাও করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ভারতের গ্রামগুলোতে নিশ্চয়ই এমন আরও অনেক লুকানো রেকর্ডধারী রয়েছেন। নিজের চুল পড়া নিয়ে এক নেটিজেন হিন্দিতে মন্তব্য করে লিখেছেন, আমি যেখানে চুল পড়া নিয়ে চিন্তিত, সেখানে উনি তো পুরো চুলের দোকান নিয়ে বসে আছেন! প্রতিদিনের যত্ন নেওয়ার কষ্ট নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করলেও সর্বস্তরের মানুষ রেনু ধারিয়ালের এই ঐতিহাসিক সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights