১২ আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে

অনলাইন ডেস্ক

এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। ১২ আগস্ট বুধবার দৃষ্টিনন্দন সূর্যগ্রহণ ঘটার কথা রয়েছে। ইউরোপ, উত্তর আমেরিকা ও উত্তর আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল থেকে এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে।

তবে পৃথিবীর ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে গ্রহণের দৃশ্যমানতায় থাকবে বড় ধরনের ভিন্নতা। প্রায় ১৮০ মাইল বা ২৯০ কিলোমিটার প্রশস্ত একটি নির্দিষ্ট পথের বাসিন্দারা দেখতে পাবেন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যেখানে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে সর্বোচ্চ ২ মিনিট ১৮ সেকেন্ডের জন্য। অন্যদিকে ইউরোপের সিংহভাগ এলাকায় দেখা যাবে গভীর আংশিক গ্রহণ এবং উত্তর আমেরিকায় মিলবে তুলনামূলক কম মাত্রার আংশিক সূর্যগ্রহণ।

পূর্ণগ্রাসের মূল পথটি পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড ও উত্তর-পূর্ব স্পেনের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই অঞ্চলে অবস্থানকারীরা দিনের বেলাতেই গোধূলির মতো অন্ধকার নেমে আসতে দেখবেন। আকাশে ফুটে উঠবে উজ্জ্বল তারা ও গ্রহ, আর খালি চোখে দৃশ্যমান হবে সূর্যের বাইরের বায়ুমণ্ডল বা করোনা। গ্রিনল্যান্ডের স্কোরসবি সুন্দর স্থানীয় সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে পূর্ণগ্রাস শুরু হবে। আইসল্যান্ডের রিকিয়াভিকে বিকেল ৫টা ৪৮ মিনিটে এবং স্পেনের লিওন, সোরিয়া ও মলরকার এস আরেনালে রাত ৮টা ২৮ মিনিট থেকে ৮টা ৩১ মিনিটের মধ্যে সর্বোচ্চ পূর্ণগ্রাস দেখা যাবে। তবে পূর্ণগ্রাসের পথ থেকে সামান্য বাইরে থাকা মাদ্রিদে ৯৯.৯ শতাংশ সূর্য ঢাকলেও পূর্ণগ্রাস দেখা যাবে না।

উত্তর আমেরিকাবাসীর জন্য এটি মূলত একটি আংশিক গ্রহণের অভিজ্ঞতা হবে। কানাডার উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল, আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আংশিক গ্রহণের মাত্রা বেশি থাকবে। কানাডার ইকালুইতে দুপুর ১টা ২৪ মিনিটে ৬১ শতাংশ এবং সেন্ট জনসে বেলা ৩টায় ৫৩ শতাংশ গ্রহণ দেখা যাবে। আলাস্কার ফেয়ারব্যাংকসে সকাল ৮টা ২৭ মিনিটে ৩৭ শতাংশ এবং অ্যাঙ্করেজে ৮টা ২১ মিনিটে ২৮ শতাংশ সূর্য ঢেকে যাবে। এ ছাড়া বস্টন, কুইবেক সিটি, মন্ট্রিল ও নিউ ইয়র্কে ৯ থেকে ২৪ শতাংশ পর্যন্ত আংশিক গ্রহণ দৃশ্যমান হবে।

ইউরোপের বেশিরভাগ দেশ এবং উত্তর-পশ্চিম আফ্রিকার বাসিন্দারা এক বিশাল আংশিক সূর্যগ্রহণের সাক্ষী হবেন। স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনায় সূর্য প্রায় ৯৯.৯ শতাংশ এবং ৯৯.৮ শতাংশ পর্যন্ত ঢেকে যাবে। আলজেরিয়ার আলজিয়ার্সে ৯৬ শতাংশ, ফ্রান্সে ৯৫ শতাংশ, পর্তুগালের লিসবন ও আয়ারল্যান্ডের ডাবলিনে ৯৪ শতাংশ এবং যুক্তরাজ্যের লন্ডন, কার্ডিফ ও বেলফাস্টে ৯১ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত সূর্য ঢাকা পড়বে।

জ্যোতির্বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, আংশিক গ্রহণের সময় কোনো অবস্থাতেই খালি চোখে বা সাধারণ রোদচশমা পরে সূর্যের দিকে তাকানো যাবে না। কেবল পূর্ণগ্রাসের সুনির্দিষ্ট মুহূর্তটিতেই সূর্য দেখার নিরাপদ সুযোগ থাকে। আংশিক পর্যায় দেখার জন্য প্রত্যয়িত সোলার ফিল্টার বা গ্রহণ দেখার বিশেষ চশমা ব্যবহার করা বাধ্যতামূলক। যারা পূর্ণগ্রাসের পথের বাইরে থাকবেন, তারা নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির অফিশিয়াল সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই বিরল দৃশ্য উপভোগ করতে পারবেন।

সূত্র: লাইভ সায়েন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights