গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান

গাইবান্ধা প্রতিনিধি:

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

সোমবার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও গাইবান্ধায় সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। জেলার নার্সারি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এতে অংশ নেন।

শিরিন আকতারের সঞ্চালনা মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুশফিকুর রহমান, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডল, গোলাম কিবরিয়া, রোস্তম আলী প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, সঠিক নিয়মে গাছ রোপণ ও পরিচর্যা করলে সবুজে পরিণত হবে দেশ। তিনি সবাইকে বৃক্ষরোপনের জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, আগামীতে জেলার সাত উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে ১২ লাখ গাছের চারা রোপন করা হবে। শেষে ১০০ জন শিক্ষার্থীর মাঝে ২০০ চারা বিতরণ করা হয়।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে। মেলায় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ ৩০টি স্টল স্থান পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights