ভোটার তালিকা থেকে হঠাৎ বাদ অভিনেতা প্রকাশ রাজের নাম, নেপথ্যে কী?

অনলাইন ডেস্ক

বেঙ্গালুরুর ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভারতের অভিনেতা প্রকাশ রাজ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে তার নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ভিডিও বার্তায় প্রকাশ রাজ বলেন, বেঙ্গালুরুর যে কেন্দ্রে তার জন্ম, বেড়ে ওঠা, স্কুল-কলেজ ও থিয়েটারের সঙ্গে যুক্ত থাকা—সেই কেন্দ্রের ভোটার তালিকায় এখন তার নাম নেই। এমনকি তিনি ওই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন বলে জানান।

ভোটার তালিকায় নাম পুনর্বহালের জন্য আইনি প্রক্রিয়ায় যাওয়ার ইঙ্গিত দিয়ে অভিনেতা বলেন, এখন ভোটার পরিচয়পত্র ফিরে পেতে তাকে কী ধরনের নিয়ম ও কাগজপত্রের মধ্য দিয়ে যেতে হয়, তা দেখার বিষয়।

এ ঘটনায় প্রকাশ রাজের অভিযোগের পর বিবৃতি দিয়েছে বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (বিএলও) বাড়ি বাড়ি যাচাইয়ের সময় জানতে পারেন, প্রকাশ রাজ নিবন্ধিত ঠিকানায় আর বসবাস করেন না।

সিটি কর্পোরেশনের বিবৃতি অনুযায়ী, বিএলও ওই ফ্ল্যাটের প্রতিবেশী ও প্রপার্টি ম্যানেজারের সঙ্গে কথা বলেন। পরে ফ্ল্যাটের মালিকও ফোনে জানান, প্রকাশ রাজ প্রায় চার বছর ধরে সেখানে থাকেন না এবং বর্তমানে অন্য ভাড়াটিয়ারা ওই বাসায় বসবাস করছেন। এসব তথ্যের ভিত্তিতে স্পট ইনস্পেকশন রিপোর্ট তৈরি করে তার ভোটার স্ট্যাটাস ‘স্থানান্তরিত’ হিসেবে চিহ্নিত করা হয়।

বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি কর্পোরেশনের কমিশনার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জগদীশ জি বলেন, তিনি নিজে প্রকাশ রাজের সঙ্গে ফোনে কথা বলেছেন। অভিনেতা বর্তমানে শান্তিনগর বিধানসভা কেন্দ্রের অন্য একটি ঠিকানায় বসবাস করছেন বলে স্বীকার করেছেন। নতুন ঠিকানার বিএলওর মাধ্যমে ‘ফর্ম-৬’ পূরণ করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার সুযোগ তাকে জানানো হয়েছে বলেও জানান তিনি। কর্তৃপক্ষের দাবি, যাচাইয়ের পর প্রকাশ রাজের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

এর আগে গত ১০ জুলাই একটি ফৌজদারি মামলায় নগর আদালত প্রকাশ রাজকে শর্তসাপেক্ষ জামিন দেন। মামলায় তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে নিবন্ধিত চারটি ভোটার কার্ড অবৈধভাবে নিজের কাছে রাখার অভিযোগ আনা হয়েছিল। এ মামলায় তার বিরুদ্ধে অ-জামিনযোগ্য পরোয়ানাও জারি করা হয়েছিল।

সূত্র : দ্য হিন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights