পরিবেশবান্ধব গাড়ি উৎপাদনে ব্রিটেনের ১৩ কোটি পাউন্ড বিনিয়োগ
অনলাইন ডেস্ক
পরিবেশবান্ধব বা শূন্য নিঃসরণ গাড়ির প্রযুক্তির প্রসারে প্রায় ১৩ কোটি পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সরকারি অনুদানের পাশাপাশি বেসরকারি খাতের যৌথ বিনিয়োগে এই অর্থায়ন করা হবে।
ঘোষিত অর্থের মধ্যে প্রায় ৬ কোটি ৫০ লাখ পাউন্ড সরকারি খাত থেকে দেওয়া হবে। এর মধ্যে প্রায় ৫ কোটি পাউন্ড পাবেন গাড়ি প্রস্তুতকারক ও গবেষকেরা। নতুন জিরো-এমিশন প্রযুক্তি উদ্ভাবন এবং তা বাণিজ্যিকভাবে ব্যবহারের কাজে এই অর্থ ব্যয় করা হবে।
এ ছাড়া ১ কোটি ৭০ লাখ পাউন্ড ব্যয় করা হবে সংযুক্ত ও স্বয়ংক্রিয় চালনাসংক্রান্ত নয়টি বিশেষ প্রকল্পে। এসব প্রকল্পের আওতায় অত্যাধুনিক সেন্সর, ব্রেক-বাই-ওয়্যার সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সিমুলেশন প্রযুক্তির উন্নয়ন করা হবে।
যুক্তরাজ্যের শিল্পমন্ত্রী ব্লেয়ার ম্যাকডুগাল বলেন, আধুনিক মোটর শিল্পের সূচনা হয়েছিল ব্রিটেনে। দেশটির সরকার চায় পরবর্তী প্রজন্মের পরিবেশবান্ধব গাড়িও যেন যুক্তরাজ্যের মাটিতেই নকশা ও তৈরি করা হয়।
গ্রিন ট্রানজিশন বা পরিবেশবান্ধব রূপান্তরের লক্ষ্য অর্জনে যুক্তরাজ্য কঠোর কৌশল নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের পর দেশটিতে কেবল পেট্রল বা ডিজেলচালিত নতুন গাড়ি বিক্রি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
এরপর ২০৩৫ সালের মধ্যে বাজারে আসা সব নতুন গাড়িকে শতভাগ শূন্য নিঃসরণ বা পরিবেশবান্ধব হতে হবে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
